কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় হোটেল-রেস্টুরেন্ট খাতের শ্রমিকদের অধিকার আদায় ও সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হোটেল, রেস্টুরেন্ট, মিষ্টি ও বেকারি শ্রমিক ইউনিয়ন (রেজি: বি-২১২৬) কুষ্টিয়া জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এ সভা মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৭টায় শহরের মজমপুর শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির সভাপতি রমজান বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিয়াকত মৃধার সঞ্চালনায় সভাটি প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এতে উপস্থিত নেতৃবৃন্দ শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, মজুরি কাঠামোর বাস্তবায়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর জোর দেন।
সভায় বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক সোলায়মান পারভেজ, কোষাধ্যক্ষ মৃত্যুঞ্জয় পাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, মজমপুর শাখার সভাপতি জনি শেখ, সাধারণ সম্পাদক রবিন খাঁ এবং হাসপাতাল মোড় এলাকার শ্রমিক নেতা জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শ্রমিক শ্রেণির দীর্ঘদিনের সংগ্রামের প্রতীক মহান মে দিবস কেবল একটি দিবস নয়, বরং অধিকার আদায়ের অঙ্গীকার পুনর্নবীকরণের দিন।
তারা আসন্ন ১৪১তম মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় ও ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে উদযাপনের আহ্বান জানান। পাশাপাশি সকল শ্রমিকের জন্য স-বেতনে ছুটি নিশ্চিত করা, সরকার ঘোষিত মজুরি গেজেট বাস্তবায়ন এবং বিদ্যমান শ্রম আইন কঠোরভাবে কার্যকর করার দাবি তোলেন।
সভায় বাংলাদেশ হোটেল-রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের ওপর সাম্প্রতিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বক্তারা এ ধরনের ন্যক্কারজনক হামলাকে শ্রমিক আন্দোলনের ওপর সুস্পষ্ট আঘাত হিসেবে উল্লেখ করে দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কর্মীসভার শেষপর্বে শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায়সংগত কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় আহ্বান জানানো হয়। শ্রমিকদের সম্মিলিত শক্তিই পারে ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার পথকে সুগম করতে—এমন প্রত্যয়ে সভার সমাপ্তি ঘটে।
এ জাতীয় আরো খবর..