কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে একদল সচেতন তরুণ গড়ে তুলেছেন আশার বাতিঘর। আবরার ফাহাদ স্পোর্টিং ক্লাব নামের এই যুব সংগঠন শুধু খেলাধুলার চর্চায় সীমাবদ্ধ নয়, তারা মাদকের বিরুদ্ধে ঘোষণা করেছে জিরো টলারেন্স। “মাদক ছাড়ুন, খেলা ধরুন—ক্রীড়া শক্তি, ক্রীড়া বল; যাব না মাদকের ছায়াতল”—এই দীপ্ত স্লোগানকে ধারণ করে তারা গড়ে তুলছে এক সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ।
গ্রামের যুবসমাজকে রক্ষা করতে হলে আগে মাদকের করাল গ্রাস থেকে সমাজকে মুক্ত করতে হবে—এই বিশ্বাস থেকেই সংগঠনটির যাত্রা। তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তারা সামাজিক পরিবর্তনের এক অনন্য উদাহরণ স্থাপন করেছে। নিয়মিত ক্রীড়া আয়োজন, সচেতনতামূলক প্রচারণা এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় ক্লাবটির সদস্যরা নিরলস কাজ করে চলেছেন।
মাদক ব্যবসায়ীদের প্রতিহত করতে এবং যুবকদের বিপথগামিতা রোধে গ্রামের আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে চলছে তাদের সামাজিক আন্দোলন। এই মহতী উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়েছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, সমাজের বিত্তবান ব্যক্তি, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ এবং সাধারণ মানুষ।
স্থানীয়দের ভাষ্য, মাদক শুধু অর্থের অপচয়ই ঘটায় না, ধ্বংস করে দেয় মানুষের শরীর, মন ও পরিবার। মাদকের নেশায় জড়িয়ে পড়লে মানুষ হারিয়ে ফেলে স্বাভাবিক চিন্তাশক্তি, নষ্ট হয় ভবিষ্যৎ। সেই অন্ধকার থেকে যুবসমাজকে ফিরিয়ে আনতেই আবরার ফাহাদ স্পোর্টিং ক্লাব নিয়েছে সাহসী ভূমিকা।
গ্রামবাংলার মাটিতে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। যেখানে অনেক জায়গায় যুবসমাজ মাদকের আগ্রাসনে বিপন্ন, সেখানে রায়ডাঙ্গার তরুণরা খেলাধুলা ও সামাজিক সচেতনতার মাধ্যমে দেখাচ্ছেন বিকল্প পথ। তাদের এই সংগ্রাম কেবল একটি গ্রামের নয়, হতে পারে সারাদেশের জন্য অনুকরণীয় মডেল।
মাদকমুক্ত সমাজ গঠনের স্বপ্ন নিয়ে এগিয়ে চলা এই তরুণদের প্রত্যয়—খেলাধুলার মাঠ ভরুক, মাদকের আখড়া শূন্য হোক। আর এই স্বপ্নই হয়তো একদিন বদলে দেবে সমাজের চেহারা, রচনা করবে আলোকিত আগামী।
এ জাতীয় আরো খবর..